Header Ads

logo-miyaji-IT1215

চিলমারী-উলিপুর সড়কে অনিয়মের হিড়িক: দুই সপ্তাহেই উঠল কার্পেটিং, তোপের মুখে পুনরায় সংস্কার

 



 মো: নাজমুল হক নয়ন, নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

তারিখ: ২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের চিলমারী থেকে উলিপুর সংযোগ সড়কের নিরাশির মোড় এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তা মেরামতের কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ পার হতে না হতেই সড়কের কার্পেটিং ও পিচ উঠে গিয়ে ফের বেহাল দশায় পরিণত হয়েছে। এ নিয়ে স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিলে, চাপের মুখে বর্তমানে তড়িঘড়ি করে আবার নতুন করে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুই সপ্তাহেই কঙ্কালসার রাস্তা

স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগেই চিলমারী-উলিপুর রোডের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাশির মোড় এলাকায় সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু কাজ শেষ হতে না হতেই রাস্তার আসল রূপ বেরিয়ে পড়ে। সামান্য যানবাহন চলাচলেই পিচ ও পাথর আলাদা হয়ে চটা উঠতে শুরু করে। অনেক জায়গায় হাত দিয়ে টানলেই কার্পেটিং উঠে আসছিল।

স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তা করার নামে তারা সরকারি টাকা লুটপাট করেছে। পিচ দেওয়া হয়েছে নামমাত্র, তেলের পরিমাণও ছিল অনেক কম। যার কারণে দুই সপ্তাহও টিকল না রাস্তা। গাড়ির চাকায় সব পাথর উঠে যাচ্ছে।"

মূল অভিযোগ: পিচ ও তেলের ঘাটতি, তদারকির অভাব

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক বিভাগের শিডিউল বা নিয়ম-নীতির তোয়াক্কা না করে একেবারে নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করেছে। মিশ্রণে প্রয়োজনীয় তেল ও পিচ না থাকায় কার্পেটিং শক্ত হতে পারেনি। সড়ক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যথাযথ তদারকি না থাকায় ঠিকাদার তার ইচ্ছেমতো নামমাত্র কাজ বুঝিয়ে দিয়ে চলে যান বলে দাবি স্থানীয়দের।


তোপের মুখে নতুন করে সংস্কার

রাস্তার এই বেহাল দশা ও নিম্নমানের কাজের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়লে টনক নড়ে কর্তৃপক্ষের। অনিয়ম ঢাকতে ও জনগণের হাত থেকে বাঁচতে বর্তমানে তড়িঘড়ি করে আবার নতুন করে ওই এলাকায় পিচ ঢালাই ও মেরামতের কাজ শুরু করেছে ।


No comments